অস্ট্রেলিয়ায় ডেঙ্গু প্রতিরোধী টিকা সহজলভ্য হওয়ার পর তা নিতে সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে সামনে ছুটির মৌসুমে সপরিবার বাংলাদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকায় আগেভাগেই টিকা নিচ্ছেন অনেকে। চাহিদা এতটাই বেড়েছে যে, বিভিন্ন ওষুধের দোকানে টিকা সরবরাহের পরপরই তা শেষ হয়ে যাচ্ছে।
জাপানের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদার তৈরি এই টিকার নাম ‘কিউডেঙ্গা’। অস্ট্রেলিয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্রের মাধ্যমে টিকাটি নেওয়ার সুযোগ রয়েছে।
সিডনির সেন্ট ম্যারিস মেডিক্যাল সার্জারিতে দেখা গেছে, ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য একই পরিবারের শিশু থেকে শুরু করে প্রবীণ সদস্যরাও টিকা নিতে আসছেন।
সেন্ট ম্যারিস মেডিক্যাল সার্জারির চিকিৎসক সাবরিনা আফরিন জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ডেঙ্গুর টিকা নেওয়ার সচেতনতা ও আগ্রহ বেশ লক্ষণীয়। তিনিও শিগগির বাংলাদেশে বেড়াতে যাবেন। এরই মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে টিকা নিয়েছেন।
সাবরিনা আফরিন বলেন, জাপানের তৈরি এই টিকা কার্যকারিতা ও নিরাপত্তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সামনে দীর্ঘ ছুটি থাকায় বাংলাদেশসহ ডেঙ্গুপ্রবণ দেশগুলোতে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিরা টিকা নিতে আসছেন।
সিডনির বাঙালিপাড়া হিসেবে পরিচিত লাকেম্বাতেও একই চিত্র দেখা গেছে। লাকেম্বা মেডিক্যাল সেন্টারের চিকিৎসক মাসুম আহমেদ জানান, প্রতিদিনই অনেক প্রবাসী বাংলাদেশি ডেঙ্গুর টিকার ব্যবস্থাপত্র নিতে আসছেন। দেশে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায় এবার আগেভাগেই সতর্ক হচ্ছেন তাঁরা। বিশেষ করে পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন অনেকে।
লাকেম্বার বাসিন্দা মোহাম্মদ ইরফান খান ইতিমধ্যে তাঁর ছোট ছেলে ও মেয়েকে নিয়ে টিকা নিয়েছেন। তিনি বলেন, ‘সামনে লম্বা ছুটিতে সন্তানদের নিয়ে দেশে যাচ্ছি। দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির কথা ভেবে সব সময় দুশ্চিন্তা হতো। এক সপ্তাহ হলো আমি, আমার ছোট ছেলে ও মেয়ে—তিনজনই টিকা নিয়েছি। অন্যান্য টিকার মতো জ্বর বা কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া আমাদের কারও হয়নি। টিকা নেওয়ার পর কিছুই বোঝা যায়নি। দেশে বেড়াতে যাওয়ার আগে এই টিকা নিতে পেরে বড় দুশ্চিন্তা কমল।’
এদিকে সিডনির প্রাইসলাইন ও কেমিস্ট ওয়্যারহাউসসহ বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ভ্রমণকারীদের মধ্যে টিকার চাহিদা বেড়েছে। ফলে দোকানে টিকা আসার পরপরই তা বিক্রি হয়ে যাচ্ছে।
দুটি ডোজ নিতে হয়
চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, চার বছর বা তার বেশি বয়সীরা কিউডেঙ্গা টিকা নিতে পারেন। প্রতিটি ডোজের পরিমাণ শূন্য দশমিক ৫ মিলিলিটার। পূর্ণ ডোজের জন্য দুটি টিকা নিতে হয়। প্রথম ডোজ নেওয়ার অন্তত ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়।
প্রতিটি ডোজের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা। ফলে দুই ডোজের জন্য একজনকে মোট প্রায় ২৪ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। ছুটির মৌসুমে যাঁরা এখন প্রথম ডোজ নিয়ে বাংলাদেশে যাচ্ছেন, তাঁরা সিডনিতে ফিরে দ্বিতীয় ডোজ নেওয়ার পরিকল্পনা করছেন।
টিকাটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, আগে কখনো ডেঙ্গুতে আক্রান্ত হননি, এমন ব্যক্তিরাও নির্দিষ্ট যোগ্যতা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি নিতে পারেন। ফলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ আরও বাড়ছে।
বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ এবং পরিবারের সদস্যদের সুরক্ষার চিন্তা থেকেই মূলত এই আগাম প্রস্তুতি নিচ্ছেন সিডনির প্রবাসীরা। তবে চিকিৎসকের পরামর্শ ও ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করেই টিকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া জরুরি।