ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ফ্রান্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন প্যারিসে প্যারিস টাইমসের দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স’র ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত প্রবাসীদের অধিকার ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে নয়নের বৈঠক প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ফ্রান্সে আবুল খায়ের লিটনের জানাজার নামাজ শুক্রবার

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

  • প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি সামনে আনতে চায় সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখা। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।



বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগেল এইড’-এর হলরুমে সংগঠনটির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজাদ মিয়া। সভা পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল)। নয় সদস্যের আহ্বায়ক কমিটির আটজন সভায় উপস্থিত ছিলেন।



সভায় প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, যাত্রী চাহিদা, অর্থনৈতিক সক্ষমতা এবং রুটটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় সিদ্ধান্ত হয়, সরাসরি ফ্লাইট চালুর দাবির পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। সম্ভাব্য যাত্রীসংখ্যা, পরিচালন ব্যয়, সম্ভাব্য আয় এবং রুটটির বাণিজ্যিকভাবে টেকসই হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব তুলে ধরা হবে। যাত্রী চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক ফ্লাইট পরিচালনার সম্ভাবনাও বিবেচনায় রাখা হবে।



সংগঠনটির নেতারা মনে করেন, প্যারিস-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যাতায়াতকারী অন্যান্য যাত্রীরাও উপকৃত হবেন। বিশেষ করে যাত্রার সময় কমানো, ট্রানজিটের ঝামেলা এড়ানো এবং যাতায়াতের ভোগান্তি কমাতে এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার আগে যাত্রী চাহিদা ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা হবে।



সভায় দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে প্যারিস-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও আলোচনায় আসে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিমান সংস্থা এবং প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে।


এ ছাড়া ফ্রান্সে সংগঠনটির কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের আওতায় নিবন্ধনের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এ জন্য প্রয়োজনীয় গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সভায় আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে রূপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। আগামী ২১ নভেম্বর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সদস্যদের সঙ্গে সমন্বয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে একটি ওয়েবসাইট ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও সভায় উঠে আসে। পাশাপাশি যুক্তরাজ্য, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংগঠনটির শাখা এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় বক্তারা বলেন, প্রবাসীদের দাবি বাস্তবায়নে শুধু দাবি উত্থাপন করলেই হবে না, প্রয়োজন তথ্যভিত্তিক প্রস্তাব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং কাজের অগ্রগতি পর্যালোচনা। সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তারা।



সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক আজাদ মিয়া (সিলেট); যুগ্ম আহ্বায়ক মনোয়ার হুসেন (মোজাহিদ) (সুনামগঞ্জ), মো. তাজ উদ্দিন (সিলেট), সালাহ উদ্দিন আহমেদ (হবিগঞ্জ) ও তৌফিকুল ইসলাম (মৌলভীবাজার)। সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল) (মৌলভীবাজার)। কমিটির সদস্যরা হলেন বদরুল বিন আফরুজ (সিলেট), আনসারী মোহাম্মদ আজাদ (মৌলভীবাজার) ও জিল্লুর রহমান (সিলেট)।



সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি