মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দায়িত্ব নিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার নতুন রাষ্ট্রদূত তার নতুন কর্মস্থল ওয়াশিংটনে যোগ দেন।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিধি মেনে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ জানান, একইদিন সকালে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ওয়াশিংটনের ডুলাস এয়ারপোর্টে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুননেসাসহ দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীরা।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস সূত্রে আরও জানা যায়, এখন ট্রাম্প প্রশাসনের কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পরিচয় অনুষ্ঠান না করে নতুন বাইডেন সরকারের কাছে তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহীদুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় গত বছরের সেপ্টেম্বরে। তিনি বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। প্রায় সাড়ে ছয় বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে মোহাম্মদ জিয়াউদ্দিন গত ৫ জানুয়ারি ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন।

রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এর আগে বিমসটেকের মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে কাউন্সেলর এবং মিনিস্টার বা মিশন উপ-প্রধানের দায়িত্ব পালন করেন।

১৯৮৮ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন এম শহীদুল ইসলাম। ১৯৯২ থেকে ১৯৯৪ সময়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে দ্বিতীয় ও প্রথম সচিবের দায়িত্বে ছিলেন এই কূটনীতিক। পরবর্তী সময়ে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

২০১২ সাল থেকে প্যারিস মিশনে থাকার সময় ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিও ছিলেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন মেয়াদে রোমানিয়া, আলজেরিয়া, আইভরি কোস্ট ও ক্যামেরুনে বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা, প্যাসিফিক ও কাউন্টার টেররিজম এবং ইউরোপ অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

এদিকে, নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। তাদের প্রত্যাশা, নতুন এই রাষ্ট্রদূতের দক্ষতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys