ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘প্যারিস টাইমস দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে বইমেলার আয়োজন। প্রবাসের মাটিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
বইমেলা উপলক্ষে শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশেও রাখা হয় বিশেষ আয়োজন। এর অংশ হিসেবে ১ নভেম্বর, রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ফ্রান্সে বসবাসরত শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, শিশুদের রঙিন তুলির আঁচড়ে বইমেলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
প্যারিসের ৫২ রু দ্য তোরসি, প্যারিস ৭৫০১৮-তে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল চিন্তার প্রকাশ এবং বাংলা সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
আয়োজক প্রতিষ্ঠান প্যারিস টাইমসের পক্ষ থেকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের সপরিবারে বইমেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
প্রবাসে বাংলা বই, সাহিত্য ও সংস্কৃতিকে ঘিরে এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বইকে কেন্দ্র করে লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীদের এই মিলনমেলা প্রবাসে বাংলা সাহিত্যচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।