বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়ছে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। আগামী কয়েক দশকে এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিমরা। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। অন্যদিকে, একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ২৯৬ কোটিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের ধর্মভিত্তিক জনসংখ্যার পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।
গবেষণা অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। ২০৭০ সালের মধ্যে তা বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ২০২০ সালে খ্রিষ্টানদের সংখ্যা ছিল ২২৭ কোটি। আগামী ৫০ বছরে তা প্রায় ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে দাঁড়াতে পারে।
বিশ্বের প্রধান ধর্মগুলোর মধ্যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হিন্দু ও ইহুদি জনগোষ্ঠীর সংখ্যাও বাড়বে, তবে তা বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় ধীরগতিতে। অন্যদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে।
কেন বাড়ছে মুসলিম জনসংখ্যা?
পিউ রিসার্চ সেন্টারের গবেষকদের মতে, ধর্মীয় জনগোষ্ঠীর আকার পরিবর্তনের পেছনে ধর্মান্তরের পাশাপাশি জন্মহার, মৃত্যুহার ও বয়সকাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে জনসংখ্যার পরিবর্তনের ক্ষেত্রে জন্ম ও মৃত্যুর হিসাবই সবচেয়ে বড় প্রভাবক।
গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে—জনগোষ্ঠীর বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম পরিবর্তন ও অভিবাসন।
গবেষণা বলছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্যদিকে, অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬।
একটি জনগোষ্ঠীর জনসংখ্যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে গড়ে প্রতি নারীর প্রায় ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন। ফলে মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক বেশি জন্মহার তাদের জনসংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা প্রায় ১৬০ কোটি এবং খ্রিষ্টানদের সংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।
শীর্ষ মুসলিম জনসংখ্যার দেশগুলোর তালিকায় পরিবর্তন
২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়। দেশটিতে মুসলিমের সংখ্যা ছিল প্রায় ২৩ কোটি ৯০ লাখ। তবে আগামী কয়েক দশকে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে।
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে পাকিস্তানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা বাড়তে পারে ১৫ শতাংশ। ফলে ২০৭০ সালের আগেই দেশ দুটির অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এদিকে, মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। ২০৭০ সালের মধ্যে দেশটিতে মুসলিমদের সংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে।
নাইজেরিয়াতেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে। দেশটিতে মুসলিমের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে প্রায় ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসতে পারে। আর ইন্দোনেশিয়া নেমে যেতে পারে চতুর্থ স্থানে।
আফ্রিকার চার দেশ থাকবে শীর্ষ দশে
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী শীর্ষ ১০ দেশের মধ্যে চারটি দেশ থাকবে আফ্রিকায়। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান।
এ তালিকায় নতুন করে জায়গা করে নিতে পারে ইথিওপিয়া ও আফগানিস্তান। অন্যদিকে, ইরান ও আলজেরিয়া শীর্ষ দশের তালিকা থেকে বাদ পড়তে পারে।
সুদানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে প্রায় ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। ফলে মুসলিম জনসংখ্যার হিসাবে দেশটি তুরস্ককেও ছাড়িয়ে যেতে পারে।
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাসে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।
তবে গবেষকেরা জানিয়েছেন, এ পূর্বাভাস চূড়ান্ত নয়। জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতার পাশাপাশি যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, অভিবাসন এবং অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে ভবিষ্যতের জনসংখ্যার চিত্র বদলে যেতে পারে।